কোয়ান্টাম বলবিদ্যার ভিত্তি, কোয়ান্টাম তথ্য বিজ্ঞান এবং কোয়ান্টাম গণনা
গুরুপ্রসাদ কর, অরূপ রায়, অমিত মুখার্জী
মানব জিজ্ঞাসার ইতিহাসে এমন কিছু সন্ধিক্ষণ আসে, যখন আমাদের চিন্তার ভুবন আমূল বদলে যায়। কোয়ান্টাম তথ্য বিজ্ঞান তেমনই এক সন্ধিক্ষণ, যেখানে পদার্থবিদ্যা, গণিত ও কম্পিউটার বিজ্ঞানের সুতো একত্রে বোনা হয়েছে। ধ্রুপদী তথ্য বিজ্ঞান একসময়ে আমাদের প্রযুক্তিগত বিশ্বকে নতুন করে গড়ে তুলেছিল; আজ কোয়ান্টাম তথ্য সম্পর্কিত তত্ত্ব সেই অভিযাত্রাকে আরও দূরে নিয়ে যাচ্ছে। সুপারপজিশন এন্ট্যাঙ্গেলমেন্টের মতো মৌলিক কিন্তু বিস্ময়কর সত্য থেকে জন্ম নিচ্ছে নতুন সম্ভাবনার দিগন্ত—যেখানে তথ্য আর কেবল সংখ্যা বা বিট নয়, বরং কোয়ান্টাম অবস্থার সূক্ষ্ম বুননে লুকিয়ে থাকা এক গভীর ভাষা। বাংলা ভাষায় রচিত এই গ্রন্থের তাৎপর্য তাই দ্বিগুণ। এটি একদিকে স্নাতকোত্তর ছাত্রছাত্রীদের জন্য কোয়ান্টাম তথ্য বিজ্ঞানের জটিল অথচ মনোমুগ্ধকর ভুবনে প্রবেশের দরজা খুলে দিচ্ছে, অন্যদিকে মাতৃভাষায় বিজ্ঞানের আলো পৌঁছে দিচ্ছে আরও বৃহত্তর সমাজে। যে কোনো ছাত্র যখন নিজের ভাষায় উচ্চতর ধারণা আয়ত্ত করতে পারে, তখন জ্ঞান হয়ে ওঠে সহজবোধ্য, নিজের, আর চিন্তার পরিসর হয় আরও প্রসারিত। এই বইয়ের বিশেষত্ব হলো এর গঠন। শুরুতে আছে কোয়ান্টাম বলবিজ্ঞানের গাণিতিক কাঠামো—যা পাঠককে ভিত্তি তৈরি করে নিতে সাহায্য করবে। ধাপে ধাপে পাঠক এগোবেন কোয়ান্টাম তথ্যের আদান-প্রদান, ক্রিপ্টোগ্রাফি ও কোয়ান্টাম গণনার মতো জটিল অথচ রোমাঞ্চকর অধ্যায়ে। প্রতিটি অধ্যায়ে আছে দৃঢ় একাডেমিক কঠোরতা, কিন্তু তার সঙ্গে রয়েছে স্বচ্ছ ব্যাখ্যা, যা পাঠককে পথ দেখাবে। ফলে যারা নতুন, তারাও ধাপে ধাপে বিষয়টির গভীরে প্রবেশ করতে পারবেন, আর যারা ইতিমধ্যে কিছু জানেন, তাদের জন্যও এই বই হয়ে উঠবে ভাবনার নতুন প্রেরণা। এখানে বিজ্ঞানের সঙ্গে জড়িয়ে আছে সাংস্কৃতিক আত্মপরিচয়ও। দীর্ঘদিন ধরে মনে করা হয় উচ্চতর বিজ্ঞানচর্চা কেবল ইংরেজি ভাষায় সম্ভব। এই বই প্রমাণ করে দিল, তা নয়—বাংলাতেও সম্ভব, এবং তা শুধু সম্ভবই নয়, বরং মাতৃভাষায় বিষয়টি আরও ঘনিষ্ঠ, আরও প্রাণবন্ত হয়ে ওঠে। বৈজ্ঞানিক কৌতূহল আর মাতৃভাষার আত্মিক বন্ধন মিলে এই গ্রন্থ হয়ে উঠেছে জ্ঞানের ও সংস্কৃতির এক যৌথ উৎসব। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই গ্রন্থ নতুন প্রজন্মের ছাত্রছাত্রীদের কেবল বিষয় সম্পর্কে অবহিতই করবে না, তাদের অনুপ্রাণিত করবে নতুন প্রশ্ন তুলতে, নতুন পথ খুঁজতে। কোয়ান্টাম তথ্য বিজ্ঞানের যাত্রা সহজ নয়—এখানে আছে জটিলতা, গাণিতিক কঠোরতা এবং বিষয়টি বুঝতে বেশ ধৈর্যের প্রয়োজন হয়। কিন্তু এই পথেই লুকিয়ে আছে ভবিষ্যতের প্রযুক্তি, আর মহাবিশ্ব ও তথ্যের প্রকৃত স্বরূপ সম্পর্কে আমাদের গভীরতম উপলব্ধির চাবিকাঠি।
মানিক বণিক
এস. এন. বোস ন্যাশনাল সেন্টার ফর বেসিক সায়েন্স
প্রকাশক তৃতীয় পরিসর [] বাকি তথ্য পেজের নীচে
Authors
Guruprasadi Kar, Arup Roy, Amit Mukharjee
Publisher
Triteeyo Porisar
ISBN
978-81-984954-3-3
Other Details
৪৮৬ পৃষ্ঠা। পেপারব্যাক।
Category
নন-ফিকশন, প্রবন্ধ, বিজ্ঞান।
Tag
Sampratik Bikasher Aloke Quantum Bolobidyar Bhitti, Quantum Tathya Bigyan Ebong Quantum Gonona

















